গাজীপুর সিটি করপোরেশন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে সিটি বাস্তবায়ন কমিটি। মানববন্ধন শেষে দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে টঙ্গী পৌরসভার সামনে জড়ো হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পৌরসভা থেকে মিলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার মানববন্ধন করা হয়। দুপুর পৌনে ১২টায় মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধ করে। দুপুর সোয়া ১২টায় অবরোধ তুলে নেওয়া হয়। মানববন্ধন চলাকালে সিটি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে অবিলম্বে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার দাবি জানান। এ সময় আরও বক্তব্য দেন সিটি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক এম এম হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কলিমউদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।