গাজীপুর সিটি করপোরেশনের টোল আদায়ে নিষেধাজ্ঞা
বিভিন্ন গণপরিবহন থেকে গাজীপুর সিটি করপোরেশনের টোল আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গত রোববার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণি একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।
পরিবহন শ্রমিক ও নেতারা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইজারাদারেরা পয়লা বৈশাখ থেকে চান্দনা চৌরাস্তা এলাকার বাস, মিনিবাস, ট্রাক, টেম্পো, লেগুনা, পিকআপ, অটোরিকশা থেকে আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকা করে টোল আদায় শুরু করেন।
প্রতিবাদে পরদিন মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের ইজারাদারদের সঙ্গে পরিবহন শ্রমিক-মালিকদের বাগিবতণ্ডা হয়। এর পরও ইজারাদারেরা শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ করে টোল আদায় অব্যাহত রাখেন। ওই দিন গাজীপুরের লোকাল যানবাহন ও গাজীপুর জেলার ওপর দিয়ে চলাচলকারী সকল প্রকার পরিবহন মালিক ও শ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দেন। প্রায় আড়াই ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে গত ১৩ এপ্রিল পরিবহন মালিক হারুন মৃধা টোল আদায় বন্ধে হাইকোর্টে রিট দাখিল করেন। আদালত টোল আদায় কেন অবৈধ করা হবে না মর্মে রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম আহমেদ মেহেদী জানান, আদালত গত ২০ এপ্রিল চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, কাশিমপুর এবং কোনাবাড়ি এলাকায় কোনো বাস, মিনিবাস, টেম্পো, ট্রাক, লেগুনা, পিকআপ এবং অটোরিকশাস্ট্যান্ড থেকে গাজীপুর সিটি করপোরেশনের টোল আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার জানান, ওই রায়ের একটি কপি গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ২১ এপ্রিল দেওয়া হয়েছে।
জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আনুষ্ঠানিকভাবে আদালতের নির্দেশনার কোনো চিঠি তাঁরা পাননি। তবে স্থানীয় মাধ্যমে আইনজীবীর একটি চিঠি পেয়েছেন, যাতে বলা হয়েছে আগামী তিন মাসের জন্য টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।