গাজীপুর সিটি নির্বাচনে আজমত উল্লাহ ১৪ দলের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমত উল্লাহ খানকে সমর্থন দিয়েছে ১৪ দল। এ ছাড়া রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীদের পক্ষে কাজ করার জন্য স্থানীয় ১৪ দল নেতাদের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।আজ রোববার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।মোহাম্মদ নাসিম বলেন, ‘বিরোধী দলকে ধন্যবাদ জানাই। তারা এ সরকারের অধীনে চারটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। আশা করি, এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনেও তারা অংশ নেবে।’মোহাম্মদ নাসিম বলেন, ‘রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে শওকত হোসেন হিরণ, সিলেটে বদরুদ্দিন আহমেদ কামরান ও খুলনায় তালুকদার আবদুল খালেক ১৪ দলের সমর্থন নিয়ে কাজ শুরু করেছেন। স্থানীয় ১৪ দলকে সর্বশক্তি নিয়োগ করে তাঁদের বিজয়ী করার জন্য কাজ করতে হবে।’ ওই এলাকার মুক্তিযুদ্ধের পক্ষের সব বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মীও তাঁদের পক্ষে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমরা আশান্বিত হয়েছিলাম যখন বিএনপি আবার সংলাপের উদ্যোগ নেওয়ার কথা বলেছিল। কিন্তু দুঃখজনকভাবে ২৪ ঘণ্টা না যেতেই তারা হরতাল দিয়ে সংলাপের পরিবেশ নষ্ট করেছে। সংলাপের কথা যখন বললেন, তখন হরতাল দিলেন কেন? তাহলে আপনারা কোনটা চান—সংলাপ, না নৈরাজ্য? একদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন, তা হয় না।’

বিরোধীদলীয় নেতাকে নিজস্ব চিন্তা-চেতনায় চলার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘নিজের বুদ্ধিতে চলুন। কারও পরামর্শে প্রভাবিত হবেন না। সময় কিন্তু বেশি নেই। আসুন, সমঝোতার টেবিলে বসে গণতন্ত্রের চেতনা অব্যাহত রাখি।’

তত্ত্বাবধায়ক ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপির এমন হুমকির বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘এগুলো তাদের পুরোনো কথা। তারা হরতাল ডেকে ঘরে বসে থাকে। তাদের হুমকি জনগণের কাছে পরিহাসের মতো।’

সংলাপের জন্য বিএনপিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে নাসিম বলেন, ‘চিঠি দেওয়ার কথা বলার পর সংলাপের পরিবেশ গড়ে উঠেছিল। কিন্তু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর সেটা নষ্ট হয়। গতকালও প্রধানমন্ত্রী সংসদে এসে আলোচনার প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর আর আনুষ্ঠানিক চিঠির দরকার নেই।’

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। সফরকালে ১৪ দলের নেতারা গণপ্রতিরোধ কমিটি গঠন করবেন বলে জানান নাসিম।

এর আগে গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদের শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।