গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো মেয়র পদপ্রার্থীকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সমর্থন দেননি বলে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল বুধবার এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায়ের সই করা জাপার বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, একজন মেয়র পদপ্রার্থীকে জাপার সমর্থন দেওয়ার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সত্য নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু এ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত কোনো মেয়র পদপ্রার্থী নেই, সে কারণে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ দলের নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন প্রদানের ঘোষণা দেওয়ার অধিকার রাখেন না। প্রসঙ্গত, এর আগে গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আজমত উল্লা খান এবং এম এ মান্নান এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চেয়েছেন। তিনি তাঁদের শুভকামনা করেছেন।