কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মহাজোটের প্রার্থী দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত হবেন।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে কারচুরি করলে সরকারের শিগগিরই পতন হবে। এখন মহাজোটকেই চিন্তা করে নিতে হবে তারা পরাজয় বরণ করবে নাকি মৃত্যুবরণ করবে।
গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। দুই দিনের ব্যক্তিগত সফরে গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবেই হওয়া উচিত ছিল। কিন্তু নির্বাচন জাতীয় রূপ নিয়েছে।
দেশের সংবিধানকে ‘অসুস্থ’ উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সংবিধানে বিসমিল্লাহ স্থাপনের প্রয়োজন ছিল না। এখন সেটা প্রতিস্থাপনেরও প্রয়োজন নেই। অনুরূপভাবে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম প্রতিস্থাপনেও প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন তিনি।