গাজীপুর সিটি নির্বাচনে নাজিম উদ্দিনকে সুযোগ দেওয়ার নির্দেশ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সচেতন নাগরিক সমাজ-সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিনকে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ দিতেও বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।
গত ২২ মে ঘোর্িষত তফসিল অনুসারে আগামী ৬ জুলাই এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আদালত সূত্র জানায়, ৫ জুন নাজিমউদ্দিন রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। তবে খেলাপি ঋণের জামিনদার থাকার কারণ উল্লেখ করে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর বিরুদ্ধে তিনি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন। বিভাগীয় কমিশনার ১৪ জুন তাঁর আবেদন খারিজ করে রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন।
৯ ও ১৪ জুনের নির্বাচন কমিশনের দেওয়া আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন নাজিমউদ্দিন। আদালতে রিটের পক্ষে আইনজীবী এ কে এম নজরুল ইসলাম ও কামাল হোসেন মামলা পরিচালনা করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে আইনজীবী কামাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্ট নাজিম উদ্দিনকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। রুলে ৯ ও ১৪ জুনের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।