গাজীপুর সিটি মেয়র আবার রিমান্ডে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানের বিরুদ্ধে আবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী শহিদুজ্জামান জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার একটি গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এম এ মান্নানকে দুপুর ১২টার দিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক রেহেনা আক্তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। তিনটিতে জামিনে রয়েছেন।
জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান জানান, জয়দেবপুর থানায় একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় গত ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি তাঁকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ৪ ফেব্রুয়ারি রাতে কালিয়াকৈরে বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ।