গাজীপুর সিটি মেয়র মান্নান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নান
এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান ফের গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে তাঁকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
এর আগে গত বছরে একবার গ্রেপ্তার হয়েছিলেন মেয়র মান্নান।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পুরোনো মামলায় তাঁকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা ওই কর্মকর্তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, গাড়ি পোড়ানোর একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেয়র এম এ মান্নানের স্ত্রী সাজেদা মান্নান প্রথম আলোকে বলেন, আজ দুপুরে তিনি গাজীপুরের সালনা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়িতে যান। সেখানে জুমার নামাজ শেষে সঞ্চালনা বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার ভাটারা এলাকা থেকে তাঁকে গাজীপুর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে গত সোমবার দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
জয়দেবপুর থানায় করা এক মামলার অভিযোগপত্র গ্রহণের কথা উল্লেখ করে গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, এমএ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।
মন্ত্রণালয়ের এ বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মেয়র মান্নান। এ রিটের শুনানি শেষে প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মান্নান গত বছর ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার হন। মোট ২২টি মামলায় মেয়র মান্নান জামিন লাভের পর গত বছরের ২ মার্চ উচ্চ আদালতের আদেশে জামিনে কারামুক্ত হন। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।