গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। কিন্তু প্যানেল মেয়র নির্বাচনের ওপর উচ্চ আদালতের রিট থাকায় এ সময় কে মেয়রের দায়িত্ব পালন করবেন, তা নিয়ে সংকট দেখা দিয়েছে। কাল মঙ্গলবার বাংলাদেশ বিমানে সকাল আটটায় মেয়রের দেশ ত্যাগের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়র মান্নান সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই চিকিৎসা শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এদিকে বিধান অনুযায়ী মেয়রের অবর্তমানে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করার কথা। কিন্তু প্যানেল মেয়র নির্বাচনের ওপর হাইকোর্টে রিট থাকায় মেয়র সিঙ্গাপুর থাকাকালে কে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
রিট আবেদনকারী ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া জানান, গত প্যানেল মেয়র নির্বাচনে ভোট গ্রহণ পদ্ধতি সঠিক না হওয়ায় দুটি ভোট বাতিল হয়। তাই আবার সুষ্ঠু পদ্ধতিতে ভোট গ্রহণ করে প্যানেল মেয়র নির্বাচিত করতে তিনি উচ্চ আদালতে অবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে আগে নির্বাচিত প্যানেল মেয়রদের কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে।
মেয়র মান্নানের সঙ্গে গতকাল রোববার যোগাযোগ করা হলে তিনি সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর অনুপস্থিতিতে মেয়রের দায়িত্ব পালনসংক্রান্ত বর্তমান পরিস্থিতি তিনি মন্ত্রণালয়ে অবহিত করে যাচ্ছেন।