গাজীপুর সিটির বরখাস্ত মেয়র জামিনে মুক্ত
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বারডেম হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে যান।
এম এ মান্নানের আইনজীবী গাজীপুর বারের সভাপতি শহিদউজ্জামান জানান, মোট ২২টি মামলায় এমএ মান্নান উচ্চ আদালতে থেকে জামিন লাভের পর আজ কারামুক্ত হলেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে আক্রান্ত এমএ মান্নানকে গত বছরের ২১ মে চিকিৎসকের পরামর্শে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেমে পাঠানো হয়। মুক্তি লাভের সময় হাসপাতাল গেটে উপস্থিত ছিলেন গাজীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গাজীপুর সিটি কাউন্সিলর তানভীর আহমেদ প্রমুখ।
গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে দুটি মামলায় তাঁর নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত বছর আগস্ট মাসে এমএ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।