গাজীপুর সিটির বাজেট ঘোষণা
গাজীপুর সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এই বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এবারের প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯২৬ টাকা আয়, ১ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৯০৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে ২১ কোটি ৫০ লাখ ৬২ হাজার ২২ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, গাজীপুরকে পরিবেশবান্ধব একটি নগর হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি সব কাউন্সিলর ও নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, জেলা প্রশাসক নূরুল ইসলাম প্রমুখ।
এ সময় কাউন্সিলর, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।