গাজীপুরবাসী ভোট দিচ্ছেন প্রথম নগরপিতা নির্বাচনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুত ৩৯২ ভোটকেন্দ্র। প্রস্তুত সাত হাজার ২৫৯ জন নির্বাচনী কর্মকর্তা আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য। তাঁরা অপেক্ষা করছেন গাজীপুরের ভোটারদের জন্য। গাজীপুরবাসী আজ শনিবার তাঁদের প্রথম নগরপিতা নির্বাচন করবেন। গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯। নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ সরকারি ছুটি। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। মোট সাতজন মেয়র প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন। ৫৭টি ওয়ার্ডে ৪৫৬ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ১৯টি আসনে ১২৮ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘গাজীপুরে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী।’ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২২ মে। ৬ জুন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ জুন ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৮ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারের সুযোগ পান প্রার্থীরা। ৪ জুলাই পর্যন্ত তাঁরা প্রচার চালান। মেয়র প্রার্থী: এ নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী রয়েছেন। এঁরা হলেন ১৪ দল-সমর্থিত আজমত উল্লা খান (প্রতীক দোয়াত-কলম) ও ১৮ দল-সমর্থিত এম এ মান্নান (টেলিভিশন), রিনা সুলতানা (প্রজাপতি), মেজবাহ উদ্দিন রুবেল (হাঁস), নাজিম উদ্দিন (ঘোড়া) ও আমান উল্লাহ (তালা)। জাহাঙ্গীর আলমের আনারস প্রতীক ব্যালটে থাকলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কাউন্সিলর প্রার্থী: ৫৭টি সাধারণ ওয়ার্ডে ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কোনো নারী নেই। সংরক্ষিত ১৯ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৮ জন নারী কাউন্সিলর প্রার্থী। ভোটার ও ভোটকেন্দ্র: পুরুষ ভোটার পাঁচ লাখ ২৭ হাজার ৭৭৭ এবং নারী ভোটার চার লাখ ৯৯ হাজার ১৬২ জন। ৩২৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তনের এই করপোরেশনে ভোটকেন্দ্র সংখ্যা ৩৯২। ভোট কক্ষের সংখ্যা দুই হাজার ২৮৯। এ ছাড়া দুটি অস্থায়ী ভোটকেন্দ্র থাকবে। আইনশৃঙ্খলা: র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াৎ জানান, নির্বাচনী এলাকায় র‌্যাব-১-এর পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে পোশাকধারী এবং গোয়েন্দা মিলিয়ে ৮৪৭ জন র‌্যাবের সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। নির্বাচনী এলাকাকে দুটি সেক্টরে বিভক্ত করা হয়েছে। একটি গাজীপুর সেক্টর অপরটি টঙ্গী সেক্টর। প্রতিটি সেক্টরকে তিনটি করে সাব সেক্টরে ও প্রতিটি সাব সেক্টরকে চারটি ডিটাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রতিটি ডিটাচমেন্টে একজন কর্মকর্তার নেতৃত্বে দুটি টহল দল সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। দুটি ওয়ার্ডের জন্য দুটি করে টহল নিয়োজিত থাকবে। আপৎকালীন প্রতিটি সাব সেক্টরে দুটি টহলে ১৬ জন স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে নিয়োজিত থাকবে। পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, নির্বাচন উপলক্ষে নগরে ১২ প্লাটুন বিজিবি, আনসার, এবিপিএনসহ ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান জানান, ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহলে থাকবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁরা ব্যবস্থা নেবেন।নির্বাচনী কর্মকর্তা: নির্বাচনে ৩৯২টি কেন্দ্রে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন। দুই হাজার ২৮৯টি বুথের প্রতিটিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন। পোলিং কর্মকর্তা থাকবেন চার হাজার ৫৭৮ জন। ঝুঁকিপূর্ণ ২৩৫ কেন্দ্র: ২৩৫টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা মোট ভোট কেন্দ্রের শতকরা প্রায় ৬০ ভাগ। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রেগুলোর মধ্যে মহানগরের জয়দেবপুর থানা এলাকায় রয়েছে ১৬০টি এবং টঙ্গী মডেল থানা এলাকায় ৭৫টি। বাকি ১৫৭টি সাধারণ ভোট কেন্দ্র। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোর প্রতিটিতে অস্ত্রসহ সাতজন পুলিশ, তিনজন ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসারের একজন পিসি, একজন এপিসি এবং লাঠিসহ ১২ জন সদস্যসহ মোট ২৪ জন সদস্য মোতায়েন থাকবে। আর সাধারণ ভোট কেন্দ্রে ২২জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।সাধারণ ছুটি ঘোষণা: গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, নির্বাচন উপলক্ষে আজ সাধারণ ছুটি থাকবে। কোনো সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা খোলা থাকবে না। গার্মেন্টস ও শিল্পকারখানাগুলোতে বাধ্যতামূলক ছুটি রাখতে হবে। কেউ চাইলেও সেদিন কোনো প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না।