গাজীপুর জেলার ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল শনিবার দিনব্যাপী আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে ২৫ জুন থেকে জেলা পর্যায়ে শুরু হবে এই প্রতিযোগিতা। পাইলট প্রকল্প হিসেবে গতকাল গাজীপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার আসর বসে জয়দেবপুর-ঢাকা সড়কের পাশে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাওয়াল পার্ক কমিউনিটি সেন্টারে।
সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।
এর আগে সারা দেশে দুই হাজার স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে এক হাজার স্কুলের এক হাজার দল নির্বাচিত করা হয়। এই দলগুলোই জেলা পর্যায়ের আয়োজনে অংশ নেবে।
জেলা পর্যায়ে অনুষ্ঠানের আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৬টি বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে ১৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। কয়েকটি পরীক্ষার মাধ্যমে সেরা স্কুল নির্বাচিত হয় গাজীপুর বিএআরআই উচ্চবিদ্যালয়। সেরা প্রতিযোগী নির্বাচিত হয় এই বিদ্যালয়ের মোকতাদীর মাহ্দী বিন ওমর শাফি, তন্ময় চক্রবর্তী, রাশেদ জলিল, ফারজানা আক্তার, সামিহা বিনতে মকবুল।
গত এপ্রিলে গাজীপুরে স্কুল পর্যায়ের আই-জেন প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা, গেইম জোন এবং দলীয় উপস্থাপনায় অংশ নেয়। এরপর শুরু হয় বিচারকদের বিচারের কাজ। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় গাজীপুরের বিএআরআই উচ্চবিদ্যালয়। বেশি নম্বর পাওয়া ওই বিদ্যালয়ের পাঁচজনকে নির্বাচিত করা হয়, যারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এমন শিক্ষামূলক অনুষ্ঠান সব সময় হওয়া উচিত।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে গাজীপুর, ভাওয়াল কলেজ ও কালিয়াকৈর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।