গাজীপুরে অগ্নিকাণ্ড, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পোশাকশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পোশাকশ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় নয়নপুর এলাকায় এক ভাড়াবাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খাইরুল ইসলাম (৩৫) ও আবদুস সামাদ (৩৮)। খাইরুল ময়মনসিংহের ভালুকা উপজেলার চান্দাব এলাকার মো. হামিদ দপ্তরির ছেলে এবং আবদুস সামাদ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার রইস উদ্দিনের ছেলে। তাঁরা স্থানীয় রিদিশা পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নয়নপুর শিল্প এলাকার সিদ্দিকুর রহমান সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির ওই দুই ভাড়াটে কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে ডিশ অ্যান্টেনার সংযোগ খুলতে যান। কিন্তু আগুনে ওই তার বিদ্যুতায়িত হয়ে পড়ায় তা ধরার সঙ্গে সঙ্গে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তাশারব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।