গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের গুদাম
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি নতুন বাজার এলাকায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে। আগুনে গুদামে থাকা ঝুট ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গুদামের মালিকেরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি নতুন বাজার এলাকায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী আবুল হোসেনের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত পাশে আবুল কালাম ও বাবুল হোসেনের গুদাম ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।