গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় আগুনে পুড়ে শ্রমিকদের অকালমৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়। মানববন্ধন শেষে শ্রমিকনেতারা নিহত ব্যক্তিদের পক্ষে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে নিহত প্রতিটি শ্রমিক পরিবারকে ১০ লাখ টাকা প্রদান, আহত ব্যক্তিদের সুচিকিত্সার ব্যবস্থা, চিকিত্সাকালীন শ্রমিক পরিবারের ভরণ-পোষণ ও পঙ্গুদের পুনর্বাসন করা। মানবন্ধন শেষে শ্রমিকনেত্রী শবনম হাফিজের সভাপতিত্বে জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ইমাম, আসমা আহমেদ, শাহিদা আক্তার, দিনা আফরোজ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া মানববন্ধনে উত্থাপিত দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের সহসমন্বয়ক নজরুল ইসলাম, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের শহিদুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা শামসুজ্জামান ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর প্রমুখ।