গাজীপুরে অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অগ্নিদগ্ধ শিশু মরিয়ম আক্তার রুপা (৮) দীর্ঘ একমাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সন্ধ্যায় মারা গেছে।

মরিয়ম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিল। আগুনে তার শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে। মরিয়ম কিশোরগঞ্জের হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর বাগচান্দা গ্রামের মো. মতিন মিয়ার মেয়ে। সে তার মা নার্গিস আক্তারের সঙ্গে গাজীপুর সিটি কারপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বরুদা এলাকার একটি বাসায় ভাড়া থাকতো।

নিহত মরিয়মের মামা লাল মিয়া জানান, কয়েক বছর আগে মরিয়মের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এর পর থেকে মরিয়মের মা নার্গিস আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে একমাত্র মেয়েকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করে আসছেন। গত ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম তাদের ঘরের বারিন্দায় গ্যাসের চুলায় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে সহপাঠি সামিয়ার সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে অসতর্কতায় মরিয়মের গায়ের জামায় আগুন ধরে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাকে স্থানান্তর করা হয়।

কিন্তু মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় মরিয়মসহ পাঁচজন গুরুতর অগ্নিদগ্ধ হয়। ওই দিনই পুলিশ বাদি হয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে প্রধান আসামী ও ৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে একটি মামলা করে।

মরিয়ম বাসে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়েছে বলে টেলিভিশন ও পত্রিকায় যে খবর প্রকাশ হয়। কিন্তু পরিবারের দাবি, গ্যাসের চুলার আগুন থেকে তার শরীরে আগুন লাগে। এ নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, প্রাথমিক ভাবে ঘটনাস্থলে যা পাওয়া গেছে তাই দিয়েই মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার তদন্ত করে যদি ওই ঘটনায় মরিয়মের অগিদগ্ধের ঘটনা ঘটে থাকে তা হলে মামলায় ৩০২ ধারা যোগ করা হবে। আর যদি না হয় তাহলে মরিয়মের নাম মামলা থেকে বাদ দেয়া হবে।

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, ‘মরিয়ম অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, সেটাই আমাদের কাছে বড়। তবে সে বাসে পেট্রোল বোমায় নাকি বাড়িতে গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়েছে সেটা তদন্ত করে দেখা হবে। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখবে।’