গাজীপুরে অগ্নিবীণা ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের কমপক্ষে ১০ যাত্রী আহত হন বলে জানা গেছে। ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে হঠাৎ বিকট শব্দে থেমে যায়। এতে ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের বগিতে থাকা কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কয়েকজন এলাকাবাসী জানান, অবরোধকারীরা ওই এলাকায় রেললাইনের কিছু অংশ উপড়ে ফেলেন। এ কারণেই ওই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। টঙ্গী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হালিমুজ্জামান বলেন, ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।