গাজীপুরে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী ও সদর উপজেলার ভাওয়াল গজারি বন থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে কালিয়াকৈরের বড়ইতলী এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে এক ব্যক্তির (৪২) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়, মৃত ব্যক্তির ডান হাত, পেট ও দেহের ডান অংশে পোড়া ক্ষত চিহ্ন রয়েছে। লাশের পাশে রশি ও স্ক্রু-ড্রাইভার পাওয়া গেছে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুল আলম বলেন, ওই ব্যক্তি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে গতকাল সকালে সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা-ডগরী সড়কের পদ্মপাড়া এলাকায় গজারি বনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৮) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রাখা একটি ব্যাগে রক্তমাখা পাঞ্জাবি, গেঞ্জি ও গামছা পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে লাশটি এখানে রেখে পালিয়ে গেছে।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।