গাজীপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই যুবককে আটক করেছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম (২১) ও মেহেদী হাসান (২০)। ডিবি পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা অজ্ঞান পার্টির সদস্য।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মদন মোহন বণিক জানান, ২০০৮ সালের ২৭ আগস্ট কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকার আশরাফ আলী ও তাঁর শ্যালক শাহ আলম বাড়ি থেকে বাসে চড়ে ঢাকায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। অজ্ঞান অবস্থায় শাহ আলমের হাসপাতালে ঠাঁই হয়; কিন্তু আজ পর্যন্ত আশরাফ আলীর কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে সাইফুল ও মেহেদীকে আটক করা হয়।ডিবির হেফাজতে সাইফুল সাংবাদিকদের বলেন, রাজধানী ও এর আশপাশের এলাকায় অজ্ঞান পার্টির অন্তত ৩০০ সদস্য সক্রিয় আছে। তিনি জানান, একটি বাসে এক বা একাধিক ব্যক্তিকে চিহ্নিত করে কৌশলে হালুয়ার বড়ি খাওয়ানো হয়। পরে ওই ব্যক্তি সংজ্ঞা হারালে আগে থেকে তাঁর পাশে বসে থাকা দলের অন্য সদস্য সর্বস্ব হাতিয়ে নেয়।