গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক অটোরিকশাচালক হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার অপর একটি ধারায় (দস্যুতার) প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আবদুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, কালিয়াকৈরের জাথালিয়া এলাকার মৃত আমির হামজা ওরফে মো. ওমর আলীর ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন। রায় ঘোষণার সময় আলমগীর হোসেন ও মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তবে দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, লালমনিরহাটের হায়দার আলী গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন কালিয়াকৈরের রতনপুর এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হায়দার আলীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ওই সময় তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোনও নিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার সিআইডির পুলিশ পরিদর্শক নজমুল হক পরে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. হারিজ উদ্দিন আহমেদ।