গাজীপুরে অনুমোদন ছাড়াই রাসায়নিক কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বসুরা এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই রাসায়নিক কারখানা স্থাপন করা হয়েছে। সেখানে লোহার বর্জ্য ও পাতলা সালফিউরিক অ্যাসিড আগুনে জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে ফেরাস সালফেট।ওই কারখানার গ্যাসীয় ও তরল বর্জ্যের দূষণে আশপাশের জমিতে শস্যের ফলন কমে গেছে এবং গাছপালা ও পুকুরের মাছ মরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করেন কারখানার মালিক আবদুল মোতালেব। তিনি প্রথম আলোকে বলেন, ‘এজাতীয় কারখানার জন্য পরিবেশ ছাড়পত্রের প্রয়োজন হয় না।’এলাকাবাসী জানান, আবদুল মোতালেব প্রথমে ২০০৪ সালে বসুরার আবদুল লতিফের জমি ভাড়া নিয়ে ‘নোভেল কেমিক্যালস’ নামের কারখানা স্থাপন করেন। পরে কারখানার বর্জ্যে আশপাশের ফসল ও পুকুরের মাছ মরে যাওয়ায় ২০০৭ সালের শুরুর দিকে কাজ বন্ধ করে দেওয়া হয়। এ জন্য মোতালেবকে স্থানীয়দের ক্ষতিপূরণও দিতে হয়েছে।২০০৭ সালের শেষের দিকে ওই কারখানা থেকে আধা কিলোমিটার দূরে মোতালেব তাঁর ভাতিজার ১২ কাঠা জমি ভাড়া নিয়ে ‘মেগা কেমিক্যালস’ নামের কারখানা স্থাপন করে ফেরাস সালফেট তৈরি করতে থাকেন। সেখানে লেদ মেশিনে কাটা লোহার বর্জ্যের সঙ্গে পাতলা সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। পরে তা আগুনে জ্বাল দিয়ে ফেরাস সালফেট তৈরি করা হয়। ফেরাস সালফেট তৈরির সময় প্রচণ্ড ধোঁয়া ও বর্জ্য তৈরি হয়। বের হয় গ্যাসের উৎকট গন্ধ।এই ফেরাস সালফেট আয়রন সিরাপ ও বড়ির কাঁচামাল হিসেবে বিক্রি করা হয় বলে জানান মালিক আবদুল মোতালেব। তিনি জানালেন, ধোঁয়ায় কারখানার টিনের চালও ছিদ্র হয়ে গেছে।জমির মালিক আবু বকর সিদ্দিক বলেন, রাসায়নিক কারখানার জন্য জমি ভাড়া দিয়ে তিনিও বিপদের মধ্যে আছেন। এলাকাবাসী তাঁদের অসুবিধার কথা জানিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দিয়েছেন। এমনকি তাঁর নিজের বাসার পাশে একাধিক গাছও মরে গেছে। ফলের গাছে ফলন কমে গেছে। এমনকি কোনো কোনো গাছে ফলই ধরছে না।কারখানাটি উচ্ছেদের জন্য এলাকাবাসীর পক্ষে কানিজ ফাতেমা ও তাহমিনা রওশন পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছিলেন অনেক আগে। কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, বসুরা আবাসিক এলাকায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় প্রতিদিন সকালে অ্যাসিড দিয়ে লোহা গলানোর সময় তীব্র গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়। বিষাক্ত গ্যাসে আশপাশের গাছের পাতা মরে ঝরে যাচ্ছে এবং ফলন কমে যাচ্ছে। কারখানা থেকে অ্যাসিড মিশ্রিত পানি ও বর্জ্য নালা দিয়ে জমিতে পড়ছে। এতে ওই জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং শস্য ও গাছপালা মরে যাচ্ছে।কারখানার পাশের এলাকার বাসিন্দা গৃহবধূ শেফালী বেগম বলেন, প্রতিদিন সকালে কারখানাটি চালু করলেই ঝাঁজালো গন্ধযুক্ত ধোঁয়া বের হয়ে এলাকায় ছড়িয়ে পড়ে, যা খুবই অস্বস্তিকর। একই কথা জানালেন স্থানীয় সুলতান উদ্দিনসহ আরও অনেকে।যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নূর আলম আবেদন পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, এসব কারখানার জন্য অবশ্যই ছাড়পত্রের প্রয়োজন হয়। শিগগিরই ওই কারখানায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।