গাজীপুরে অনেকেই প্রবেশপত্র পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কাল শুক্রবার সকালে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত গাজীপুরের অনেক চাকরিপ্রার্থী প্রবেশপত্র পাননি।এর মধ্যে অনেক প্রার্থীই গতকাল হরতালের মধ্যেই জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে নতুন প্রবেশপত্র তৈরি করে নিয়ে গেছেন। তবে বেশির ভাগ প্রার্থীই হরতালের কারণে কার্যালয়ে যেতে পারেননি। এ কারণে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, প্রাথমিক শিক্ষক পদে জেলার পাঁচটি উপজেলার ১৪ হাজার ৭৮৪ জন আবেদন করেছেন। নিয়োগের যোগ্যতা অনুযায়ী আবেদন এবং যথাযথ ব্যক্তি দিয়ে সত্যায়িত না করায় এক হাজার ৫৩১টি আবেদন বাতিল করা হয়। বৈধ ১৩ হাজার ২৫৩ প্রার্থীর প্রবেশপত্র গত ২৭ মার্চ ডাকযোগে পাঠানো হয়। কিন্তু গতকাল ১০ এপ্রিল পর্যন্ত অনেক প্রার্থী প্রবেশপত্র পাননি।গতকাল দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ডাকযোগে প্রবেশপত্র না পেয়ে শ্রীপুর উপজেলার মাওনা এলাকার রুনা জাহান ও শাহীন সুলতানা, কাপাসিয়া উপজেলার রুবিনা সুলতানাসহ অনেক চাকরিপ্রার্থী ঘোরাফেরা করছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক বলেন, কারও আবেদন বাতিল না হয়ে থাকলে তাঁরা আজ এক কপি ছবি নিয়ে এলে নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে।