গাজীপুরে অপহরণকারীদের সঙ্গে পুলিশ গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দেশীপাড়া এলাকায় অপহূত এক যুবককে উদ্ধার করতে গিয়ে গত রোববার দিবাগত রাতে অপহরণকারীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) গোলাগুলি হয়। এতে এক অপহরণকারীর শরীরে তিনটি গুলি লাগে।পুলিশ আহত অবস্থায় অপহূত যুবক আবদুল গফুরকে (২৮) উদ্ধার করেছে। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে। অপহরণকারী ইমরান হোসেনকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গফুরকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।গাজীপুর ডিবির ওসি আবুল খায়ের বলেন, অপহরণকারী চক্রের সদস্যরা কিছুদিন আগে কক্সবাজারে গিয়ে ডাব বিক্রেতা গফুরের সঙ্গে পরিচিত হয়। এর সূত্র ধরে অপহরণকারীরা তাঁকে টাইলস তৈরির একটি কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। রোববার সন্ধ্যায় গফুরকে সালনা দেশীপাড়া এলাকায় নিয়ে আসে। সেখানে একটি চাতালের পাশে আটকে রাখে গফুরকে। এরপর তাঁর বাঁ হাতের একটি আঙুল কেটে মারধর শুরু করে। খবর পেয়ে রাত তিনটার দিকে ওই চাতালে অভিযান চালায় ডিবি পুলিশ। টের পেয়ে অপহরণকারীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।