গাজীপুরে অপহূত শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থেকে অপহূত আসাদুজ্জামান নূর (৭) নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে জেলার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী মো. এনামুল হকের পরিবার টঙ্গীর আউচপাড়া এলাকায় ভাড়া থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাসার সামনে থেকে এনামুল হকের ছেলে আসাদুজ্জামানকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। সেদিন আসাদুজ্জামানের পরিবারের পক্ষ থেকে টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শিশুটির পরিবারের সদস্যরা জানান, একই দিন রাত ১১টায় মুঠোফোনে যোগাযোগ করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি পুলিশকে জানানো হলে শনিবার রাতে পুলিশ জিডিটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয় ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

সূত্র জানায়, পরে আসাদুজ্জামানের পরিবার ঘটনাটি র‌্যাবকে জানায়। শনিবার থেকে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব মামলার সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে অপহরণকারীরা রোববার রাতে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের রাস্তায় আসাদুজ্জামানকে রেখে বিষয়টি মুঠোফোনে তার পরিবারের সদস্যদের জানিয়ে পালিয়ে যায়।