গাজীপুরে অবৈধ ও চোরাই গাড়ি বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও চোরাই গাড়ি বিক্রি করছেন। এ ছাড়া তাঁরা মাইক্রোবাসের কিছু অংশ কেটে যাত্রীবাহী লেগুনা তৈরি করছেন।এলাকাবাসী জানান, সদর উপজেলার সালনা বাজারের ১২-১৫ জন ব্যবসায়ী অবৈধ গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ও চোরাই মাইক্রোবাস কম মূল্যে কিনে এখানে এনে বিক্রি করছেন। একই সঙ্গে তাঁরা ওই সব চোরাই গাড়ির ভুয়া কাগজপত্রও তৈরি করছেন।এ ছাড়া ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে পুরোনো মাইক্রোবাস কিনছেন। পরে তাঁরা ওই সব মাইক্রোবাসের পেছনের অংশ কেটে হিউম্যান হলার (লেগুনা) তৈরি করছেন। গ্রামাঞ্চলে লেগুনার চাহিদা বাড়তে থাকায় তাঁদের ব্যবসাও জমে উঠছে। দিনে দিনে ব্যবসা বৃদ্ধি এবং পুলিশের কোনো ঝামেলা না থাকায় বর্তমানে তাঁরা লেগুনার পাশাপাশি সুজন গাড়ি, অটোটেম্পোসহ বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ যানবাহন তৈরি করছেন। আবার মাইক্রোবাসগুলো এলাকার কিন্ডারগার্টেন স্কুলের মালিক ও বিভিন্ন কোম্পানির মালামাল সরবরাহকারী ব্যবসায়ীদের কাছেও চাহিদা পাচ্ছে। এসব যানবাহনের বেশির ভাগই চলছে জেলার বিভিন্ন সড়কে। আর প্রায়ই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, সালনা বাজারের পাশে চেয়ারম্যানবাড়ির সামনে একটি মার্কেটে দোকানঘর রয়েছে ২০ থেকে ২৫টি। ওই মার্কেটের সামনে সারি সারি সাজানো রয়েছে মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও লেগুনা পরিবহন। মাইক্রোবাসগুলোর সামনে লেখা আছে, ‘মাইক্রোবাসটি বিক্রি করা হবে’।ময়মনসিংহের ভালুকা থেকে মাইক্রোবাস কিনতে এসেছেন আবদুল লতিফ। তিনি জানান, মাইক্রোবাস দিয়ে একটি লেগুনা তৈরি করবেন। একটি গাড়ি কিনেছেন দুই লাখ ৮০ হাজার টাকায়। পাঁচ-ছয় দিনের মধ্যে মাইক্রোবাসটি কেটে লেগুনা তৈরি করে দেবেন। লেগুনাটি তিনি ভালুকা থেকে গাজীপুর পর্যন্ত চালাবেন। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে দুই বছরেই গাড়ির দাম উঠে যায়।ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোতালিব হোসেন বলন, তাঁরা সিলেট শহর, মৌলভীবাজার, বরিশাল, রংপুর, রাজশাহীসহ দেশের প্রত্যন্ত এলাকা থেকে কম মূল্যে মাইক্রোবাসগুলো কিনে আনেন। পরে রং করে একটি গাড়ি আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করেন। আবার যাঁরা যাত্রীবাহী লেগুনা তৈরি করতে চান, তাঁদের জন্য পুরোনো গাড়ি কেটে নতুন বডি তৈরি করে দেওয়া হয়। জানা গেছে, গাজীপুর শহরে যত লেগুনা চলে, তার ৮০ শতাংশ তৈরি হয় সালনায়। তবে লেগুনা ব্যবসায়ীরা প্রতিদিন সংশ্লিষ্ট থানা ও মহাসড়ক পুলিশকে টাকা দিয়ে এসব গাড়ি রাস্তায় চালাচ্ছেন।গাড়ি ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘আট বছর ধরে পুরোনো গাড়ির ব্যবসা করছি। কখনো চোরাই গাড়ি বিক্রি করিনি। তবে আমরা যে গাড়ি বিক্রি করি, সেগুলো অনেক পুরোনো, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ।’ সালনা বাজারের ব্যবসায়ী আকবর আলী বলেন, এখানে অবৈধভাবে চোরাই গাড়ি বেচাকেনা হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।বেআইনি গাড়িতে আইনের লোক: জয়দেবপুর লেগুনা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার সরকার বলেন, জয়দেবপুর থানার পুলিশ, ফাঁড়ির পুলিশ ও হাইওয়ে ফাঁড়ির পুলিশকে প্রতিদিন ২৫টি লেগুনা দেওয়া হয়। পুলিশের গাড়ির স্বল্পতা থাকায় তারা লেগুনা নিয়ে কাজ সারে। তাদের নিয়মিত গাড়ি দেওয়ায় এসব গাড়ি চালাতে পুলিশের কোনো বাধার সম্মুখীন হতে হয় না।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, সালনায় অবৈধ গাড়ি বিক্রির বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।