গাজীপুরে অবৈধ গ্যাস-সংযোগের ১,৫০০ ফুট পাইপ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে নেওয়া গ্যাসের সংযোগ পাইপ তুলে ফেলা হচ্ছে। গাজীপুরের মণিপুর নয়াপাড়া এলাকায় গতকাল গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদের অভিযান চালায় তিতাস ও স্থানীয় প্রশাসন, ছবি: প্রথম আলো
অবৈধভাবে নেওয়া গ্যাসের সংযোগ পাইপ তুলে ফেলা হচ্ছে। গাজীপুরের মণিপুর নয়াপাড়া এলাকায় গতকাল গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদের অভিযান চালায় তিতাস ও স্থানীয় প্রশাসন, ছবি: প্রথম আলো

গাজীপুরে অবৈধ গ্যাস-সংযোগ বন্ধ করতে গতকাল বুধবার আবারও অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। তারা সদর উপজেলার পোড়াবাড়ী, মণিপুর ও ভবানীপুর এলাকার দেড় হাজার ফুট পাইপ অপসারণ করেছে। এতে ওই সব এলাকার প্রায় সাড়ে তিন হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি তিতাস কর্তৃপক্ষ শুধু কালিয়াকৈরের মৌচাকে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর দীর্ঘদিন অভিযান বন্ধ থাকায় ওই এলাকায় পুনরায় অবৈধ সংযোগ নেওয়া হয়।

গতকালের অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী হাকিম কাজী আরেফিন রেজোয়ান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক সাব্বির আহামেঞ্চদ চৌধুরী, প্রকৌশলী মো. সাহাবুদ্দিন, গাজীপুরের ব্যবস্থাপক মোকছেদুর রহমান, উপব্যবস্থাপক মো. সফিউদ্দিন।

এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, গাজীপুরের বেশির ভাগ এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল বেলা ১১টায় সদর উপজেলার পোড়াবাড়ী এলাকা থেকে অভিযান শুরু হয়। সেখানে মাটি খুঁড়ে ২৫০ ফুট পাইপ উপড়ে ফেলে জব্দ করা হয়। ওই এলাকা থেকে বেশ কয়েকটি রাইজার খুলে নেওয়া হয়। পরে অভিযানকারী দল মণিপুর নয়াপাড়া এলাকায় ফকির মার্কেটের পাশে এ জেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল কারখানার সামনে থেকে ৭৫০ ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়। ওই এলাকা থেকেও বেশ কয়েকটি রাইজার ও চুলা খুলে ফেলা হয়। পরে দলটি ভবানীপুর এলাকায় ৫০০ ফুট পাইপ জব্দ করে এবং আশপাশের রাইজার খুলে ফেলে।

মণিপুর নয়াপাড়ার গৃহবধূ রমিজা খাতুন বলেন, ‘১৫ দিন আগে ঋণ করে এক লাখ টাকা দিয়ে বাড়িতে গ্যাস-সংযোগ নিয়েছি।’ দালাল মো. সবুজ ও কাশেম মিয়া বলেছিলেন, গ্যাস লাইন অবৈধ হলেও বন্ধ হবে না। এ জন্য প্রতি মাসে তাঁদের চুলাপ্রতি ৫০০ টাকা করে দিতে হবে।

তিতাসের কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, অবৈধ গ্যাস-সংযোগ বিছিন্নকরণ একটি চলমান প্রক্রিয়া। যত দিন পর্যন্ত অবৈধ সংযোগ থাকবে, তত দিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।

নির্বাহী হাকিম কাজী আরেফিন রেজোয়ান জানান, তিন এলাকায় প্রায় দেড় হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা: গত ২৬ এপ্রিল প্রথম আলোয় ‘গাজীপুরে ছাত্রলীগের গ্যাস ডাকাতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু অংশের ব্যাখ্যা দিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সায়মন সরকার। তিনি বলেন, ‘বাঘবাড়ি, সুরাবাড়ি, শৈলডুবি, সরপাইতলীসহ আশপাশের এলাকায় অবৈধ সংযোগ নেওয়ার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। লোকজন আমার নাম ব্যবহার করে অবৈধ সংযোগ দিচ্ছেন।’