গাজীপুরে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া ও ভোগড়া জামতলা এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ছোট দেওড়া এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এস এম আবদুল ওয়াদুদ ও ব্যবস্থাপক সাব্বির আহমেদ চৌধুরী।
সাব্বির আহমেদ চৌধুরী জানান, অভিযানে ছোট দেওড়া এলাকার ৫০০ বাড়িতে এক ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার ও পৌনে এক ইঞ্চি ব্যাসের দেড় কিলোমিটার এলাকার প্রায় ৫০০ বাড়িঘরের অবৈধ পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ভোগড়া জামতলা এলাকার দুই কিলোমিটারে দুই ইঞ্চি ব্যাসের আরও প্রায় ৫০০ বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।