গাজীপুরে অবৈধ রেডিও লিংক সরঞ্জামসহ গ্রেপ্তার ২
গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে অবৈধ হাই ফ্রিকোয়েন্সির রেডিও লিংক সরঞ্জামসহ দুই তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মনির হোসেন (৩৫) ও শাহনাজ আক্তার মিমি (২০)।পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদরের বোর্ডবাজার কুনিয়া (বড়বাড়ি) এলাকার কেব্ল ব্যবসায়ী জসিম উদ্দিন চান্দনা চৌরাস্তা এলাকায় মো. আলমের বহুতল ভবনের পঞ্চম তলায় দুটি রুম ভাড়া নিয়ে দুটি হাই ফ্রিকোয়েন্সি রেডিও লিংক সরঞ্জাম স্থাপন করেন, যার ফলে চান্দনা-চৌরাস্তাসহ আশপাশের চার কিলোমিটার এলাকায় কেব্ল চ্যানেল সম্প্রচারে গোলযোগ সৃষ্টি হতো। বোর্ডবাজারের কুনিয়া এলাকার পিয়াল কেব্ল ভিশনের স্বত্বাধিকারী জসিম উদ্দিন কেব্ল ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই অবৈধভাবে ওই সরঞ্জাম সংযোগ করেছেন। প্রায় দুই মাস আগে জসিমের মামাতো ভাই মনির ও তাঁর কথিত স্ত্রী শাহনাজ আক্তারকে নিয়ে ওই বাসাটি ভাড়া নেন। জয়দেবপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালায়। পরে ওই মালামালসহ তাঁদের আটক করা হয়েছে। কেব্ল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) গাজীপুর জেলার সভাপতি মামুন সিরাজুল ইসলাম জানান, ব্যবসায়ী জসিম ও মনির গাজীপুর কেব্ল ভিশনের ব্যবসা নষ্ট করে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে ওই রেডিও ফিকোয়েন্সি স্থাপন করেন।