গাজীপুরে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে গাজীপুরের বিভিন্ন থানার ১৩ এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হবে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের এসপি মো. আবদুল বাতেন বলেন, অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ‘১০১ পুলিশের আটক-বাণিজ্য, আয় দেড় কোটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব পুলিশের মধ্যে শ্রীপুর থানার এসআই সানোয়ার হোসেন, কামরুল হাসান, মজিবুর রহমান ও হেলাল উদ্দিন, কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম, টঙ্গী থানার এসআই আলমগীর গাজী, গোয়েন্দা পুলিশের এসআই আসাদ ও মো. হাসান, জয়দেবপুর থানার এসআই বিশ্বজিৎ, কালিয়াকৈর থানার এসআই মো. শামীম মিয়া, জাকির হোসেন ও মো. হারুনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এসআই হারুন বর্তমানে কালীগঞ্জ থানায় আছেন। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন। গতকাল প্রথম আলোয় ওই সব পুলিশ কর্মকর্তার নামসহ খবর প্রকাশিত হওয়ার পর কেউ কেউ মুঠোফোনে জানান, আসামি ধরে ছেড়ে দেওয়ার বাণিজ্যে পুলিশের আরও অনেক সদস্য জড়িত রয়েছেন, যাঁদের নাম আসা উচিত ছিল। কালিয়াকৈর থানার এসআই মো. শামিম মিয়া ফোন করে বলেন, ‘টাকা কি শুধু আমি একাই নেই, আরও অনেক পুলিশই নেয়, তাদের নাম দেননি কেন।’ তিনি একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন।