গাজীপুরে অস্ত্রসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার
গাজীপুরে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে বোর্ডবাজার মসজিদ সড়ক এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ জানায়, রাত সোয়া সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে একটি শুটারগানসহ মনির ও তার তিন সহযোগী খোকন, রাশেদ ও মো. আজিজকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ১২৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে র্যাব সদস্যরা মনিরের স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় কুনিয়া এলাকায় তার ভাড়া বাসা থেকে দুটি গুলিসহ নয় মিলিমিটার বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। মনিরের বাড়ি টঙ্গীর এরশাদনগর এলাকায়।র্যাব সূত্র জানায়, মনির গাজীপুর জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে টঙ্গী ও জয়দেবপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় র্যাব-১-এর ওয়ারেন্ট অফিসার ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন।