গাজীপুরে অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের পর এবার গাজীপুর জেলা পুলিশ অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে। দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট ওই স্কোয়াড আজ মঙ্গলবার সকালে গঠন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পর গাজীপুরে একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। ইতিমধ্যে গাজীপুর পুলিশ বেশ কয়েকজনকে উদ্ধারও করেছে। এলাকাবাসীর মধ্যে অপহরণ-আতঙ্ক দেখা দেওয়ায় আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ১১ সদস্যবিশিষ্ট অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অপহরণের কোনো ঘটনা জানার সঙ্গে সঙ্গে স্কোয়াড তত্পরতা চালাবে। একই সঙ্গে অপহরণের ঘটনা যাতে না ঘটতে পারে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও গোলাম আজাদ খানকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দুজন সহকারী পুলিশ সুপার, একজন গোয়েন্দা পরিদর্শক, চারজন উপপরিদর্শক ও দুজন সহকারী উপপরিদর্শক আছেন।

অপহরণের কোনো ঘটনা থাকলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (০১৭১৩৩৭৩৩৫৭) ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খানের (০১৭৬৯০৫৮১৭৬) মুঠোফোনের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রথম আলোকে বলেন, স্কোয়াডের ১১ সদস্যের মুঠোফোনের নম্বর গাজীপুরের সব জায়গায় প্রচার করা হবে। গাজীপুরে অপহরণের কোনো ঘটনা ঘটলে তা ওই নম্বরগুলোতে জানানো হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।