গাজীপুরে অ্যাসিড মামলায় একজনের যাবজ্জীবন
গাজীপুরে নারীকে অ্যাসিড ছোড়ার মামলার রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবুল হোসেন (৪৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাগলবাড়ী এলাকার আবদুস সামাদের ছেলে।
পুলিশের আদালত পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ২০০৭ সালের ১৩ নভেম্বর রাতে বাগলবাড়ী এলাকার মৃত আবদুল জলিলের মেয়ে শিউলী আক্তারের (২৮) ওপর অ্যাসিড ছোড়েন আবুল হোসেন। এ ঘটনায় শিউলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে আবুল হোসেন ও আবুল কাশেমসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। ওই বছরের ১২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলী।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজা আলী ২০০৮ সালের ২৪ জানুয়ারি আবুল হোসেন ও আবুল কাশেমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। শুনানি শেষে আদালত আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন আবুল কাশেম।