গাজীপুরে আইনজীবী হত্যা মামলার আসামিরা পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর আদালতের তরুণ আইনজীবী সোহেলুর রহমান (৩০) হত্যা মামলাটির তদন্তভার গ্রহণ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার নতুন তদন্ত কর্মকর্তা গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মদন মোহন বণিক গতকাল বুধবার গ্রেপ্তার ছয়জনের প্রত্যেককে গাজীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে সাত দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে সোহেল হত্যার প্রধান সন্দেহভাজন সাইদুর রহমান ওরফে বাড্ডা সাইদুরকে গ্রেপ্তার করার ৩২ ঘণ্টা পর গোয়েন্দা পুলিশ তাঁর ব্যাপারে মুখ খুলেছে। গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, পুলিশের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত আসার পর গতকাল দুপুরে সাইদুরকে জনসমক্ষে আনা হয়। এর আগে মঙ্গলবার ভোরে সাইদুরকে শ্রীপুরের বাজাবাড়ী থেকে আটক করা হলেও গোয়েন্দা পুলিশ তা স্বীকার করেনি। অন্য আসামিরা হলেন মিলন খান (২০), আমির হোসেন বাবু (২০), আনোয়ার হোসেন (২৭), আশরাফুল ওরফে ইরাক হোসেন (২৫) ও মো. সবুজ (২৪)। পুলিশ ইতিমধ্যে আমির হোসেনের কড্ডা নান্দুয়াইন এলাকার বাড়ি থেকে নিহত ব্যক্তির মোটরসাইকেল (গাজীপুর ল-১১-০০২২) ও সবুজের ইটাহাটা এলাকার বাড়ি থেকে মুঠোফোন উদ্ধার করেছে।আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিরা আইনজীবী সোহেলুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন।