গাজীপুরে আইনজীবী হত্যা মামলায় আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর আদালতের আইনজীবী সোহেলুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি মিলন খান গতকাল সোমবার গাজীপুর বিচারিক হাকিম আশরাফুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন।গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মদন মোহন বণিক জানান, জবানবন্দিতে মিলন খান খুনের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থে পুলিশ জবানবন্দির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।গত ২৭ মে সকালে সদর উপজেলার দক্ষিণ কাথোরা মৈশানবাড়ি এলাকা থেকে আইনজীবী সোহেলুর রহমানের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন নিহত সোহেলুর রহমানের বাবা হাবিবুর রহমান মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশ হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে।