গাজীপুরে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ আইনজীবী সোহেলুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গাজীপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল রোববার সকালে নিহত সোহেলুর রহমানের স্মরণে সমিতির সদস্যরা শহরে মৌন মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান।বুকে কালো ব্যাচ, ফেস্টুন ও ব্যানার নিয়ে শতাধিক আইনজীবীর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাজীপুর আদালত চত্বরে বার লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তৃতা করেন। তাঁরা অবিলম্বে সোহেলুর রহমানের খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল মনসুর বলেন, শিগগিরই সোহেল হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা করা হচ্ছে। মূল আসামিদের ধরার ব্যাপারেও পুলিশ আশাবাদী।গত বৃহস্পতিবার সকালে জয়দেবপুর থানার পুলিশ সদর উপজেলার দক্ষিণ কাথোরা মৈশান বাড়ি এলাকা থেকে আইনজীবী সোহেলুর রহমানের (৩০) জবাই করা লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি সদর উপজেলার চতর এলাকায়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা হাবিবুর রহমান থানায় মামলা করেন। এজাহারে অজ্ঞাত খুনিদের আসামি করা হয়।আইনজীবী সোহেলুর রহমানের চতর এলাকার বাড়িতে গতকালও ছিল শোকের মাতম। হত্যাকাণ্ডের পর চার দিন কেটে গেলেও পরিবারটি শোক সামলে উঠতে পারছে না। সোহেলের বড় ভাই ব্যাংকার মোসাহেদ উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ছোট ভাইটি আমার এমন কী অপরাধ করেছিল যে তাকে নিষ্ঠুরতার সঙ্গে হত্যা করা হলো। পরিবারের জমিজমা বা অন্য কিছু নিয়ে কারও সঙ্গে বিরোধ নেই।’ ছোট ছেলের শোকে মা আয়েশা খাতুন পুরোপুরি শয্যাশায়ী।