গাজীপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫
গাজীপুর সদরের পূর্ব নয়নপুর এলাকায় গতকাল সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান সরকারসহ পাঁচজন আহত হয়েছেন।এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় এক বিএনপির নেতা ওই কারখানার উপজাত পলিথিন, কার্টন, ড্রামসহ অন্য মালামাল কিনে বিক্রি করছেন। ক্ষমতার পটপরিবর্তনের পর ওই বিএনপির নেতা পার্শ্ববর্তী রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে ব্যবসা ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষ দাঁড়িয়ে যান ছাত্রলীগের এক নেতা। সম্প্রতি আওয়ামী লীগের নেতারা বসে দুই পক্ষকে সমান অংশীদার করে সমঝোতা করে দেন। কিন্তু গতকাল সোমবার সকালে অপর পক্ষকে না জানিয়ে আওয়ামী লীগের নেতার লোকজন কারখানা থেকে মাল বের করতে শুরু করলে সংঘর্ষ বাধে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতার লোকজন মালবোঝাই করার জন্য ট্রাক কারখানার ভেতর ঢোকাতে গেলে ছাত্রলীগের নেতা ও তাঁর সহযোগীরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের রড, লাঠি ও ইটের আঘাতে হাবিবুর রহমান (৩৫), জাহাঙ্গীর আলম (২০), আজিজুল ইসলাম (৩৫), লোকমানসহ (৩৮) পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর রহমান ও জাহাঙ্গীরকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।