গাজীপুরে আগুনে গেঞ্জি কারখানায় ব্যাপক ক্ষতি, ৫০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার জয়বাংলা সড়কে গেঞ্জি তৈরির কারখানা ওয়েস্টার্ন ফেব্রিকসের ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।গতকাল সকাল ১০টার দিকে ওই কারখানার পাশে ফোম তৈরির কারখানা বানজিং বাংলাদেশ লিমিটেডের ভেতর আগুন নেভানোর মহড়ার আয়োজন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে মহড়া শেষ করে ফিরে যান তাঁরা। এর ১০ মিনিট পরই ওয়েস্টার্ন ফেব্রিকসের ভবনে আগুন লাগে। কারখানার আশপাশের মানুষ এই আগুনকে মহড়ার আগুন ভেবে ভুল করে। এতে ক্ষয়ক্ষতি আরও বেশি হয়।ক্ষতিগ্রস্ত কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। সেখানে সবকিছু পুড়িয়ে দোতলায় পৌঁছায় আগুন। দোতলায় কমপক্ষে ৩০০ জন শ্রমিক কাজ করছিলেন। সেখান থেকে বের হওয়ার একমাত্র প্রবেশপথটি বন্ধ থাকায় ভেতরে আটকা পড়েন শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর অভিযানে নামেন। এ সময় অনেকে দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।আগুনে নিচ তলার গুদামে থাকা বিপুল পরিমাণ গেঞ্জি, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে গেছে। আহত ৫০ জনের মধ্যে গুরুতর আহত ২১ শ্রমিককে বড়বাড়ি এলাকার তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং দুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, পুলিশ সুপার এ এস এম মাহফুজুল হক, সিভিল সার্জন সাইদুর রহমান ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।