গাজীপুরে আগুনে পুড়ে গেল সুতা কারখানা

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় গতকাল শনিবার আগুনে পুড়ে গেছে একটি সুতা তৈরির কারখানা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাদের সিনথেটিক অ্যান্ড কম্পোজিট স্পিনিং লিমিটেড নামের ওই সুতা কারখানাটিতে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংকেত বেজে ওঠে। সঙ্গে সঙ্গে আতঙ্কিত শ্রমিকেরা হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে থাকেন। দোতলা কারখানার দ্বিতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত বলে জানান শ্রমিকেরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগুনের খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিন্তু তার আগে ভবনের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। দুটি ইউনিটের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আগুনে আশপাশের অন্য কারখানাগুলোতে ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী, সাভার, ইপিজেডসহ আশপাশের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। টানা সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার প্রায় সব মেশিন, কাঁচামাল ও তৈরি করা মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ছয়জন ও চারজন শ্রমিক আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে দমকল বাহিনীর কর্মী দিদারুল আলম, আসাদুজ্জামান খান, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আজাহার উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকেরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কারখানার দ্বিতীয় তলার কাজ করা শ্রমিক খন্দকার জসিম ও শহিদ মিয়া জানান, তাঁরা সকালে কাজে যোগ দেন। কাজ শুরু করার কিছু সময় পর তাঁরা দেখেন, কারখানার পাশ দিয়ে ধোঁয়া উড়ছে। তখন আগুন আগুন বলে চিৎকার দিয়ে বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর জেনারেল শাকিল নেওয়াজ জানান, প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
কারখানায় আগুন লাগার খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর জেনারেল শাকিল নেওয়াজ, ফায়ার সার্ভিসের ডিডি এ বি এম নূরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, কারখানার মেশিন, সুতা, আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, আগুন লাগার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা হাকিম মো. হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।