গাজীপুরে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীতে গত শুক্রবার রাতে একটি দোকানে আগুন লেগে ঘুমন্ত একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন আরেকজন কর্মচারী। নিহত কর্মচারীর নাম স্বপন (২৫)। আহত কর্মচারী হলেন মো. আরিফ (২০)। তাঁরা কোনাবাড়ী মসজিদ রোড এলাকায় মুরাদ কাঁচি শাণঘরে ঘুমিয়ে ছিলেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মুরাদ শাণঘরে গত শুক্রবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আল জাহিদ ইলেকট্রনিকস ও মালিন সোয়েটার কারখানার জেনারেটরের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মুরাদ কাঁচি শাণঘরে ঘুমিয়ে থাকা কর্মচারী স্বপন আগুনে দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরিফ। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা পর আগুন নেভান এবং স্বপনের লাশ উদ্ধার করেন। স্বপন পাবনা সদর উপজেলার আবদুল জলিলের ছেলে। গাজীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, আগুনে ওই তিনটি প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।