গাজীপুর শহরের শ্মশান এলাকার একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বছরের শিশু রাব্বী ও তার মা সাথী (৩৫) আগুনে পুড়ে মারা গেছেন। সাথী তাঁর স্বামী সাইফুল ইসলাম ও ছেলেসহ শ্মশান এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। সাইফুল সিএনজি অটোরিকশার চালক। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ওই নারী ছেলেসহ নিজের গায়ে পেট্রোলিয়াম-জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে এ ঘটনা ঘটাতে পারেন। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।ওই বাড়ির ভাড়াটে বিলকিস আক্তার বলেন, সাইফুলের গ্রামের বাড়ি কাপাসিয়ার আমরাইদে বেড়াতে যাওয়া নিয়ে গতকাল সকালে স্বামীর সঙ্গে সাথীর ঝগড়া হয়। একপর্যায়ে সাথীকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান সাইফুল। তিনি বলেন, কাপাসিয়া যাওয়ার জন্য সকাল থেকেই মা ও ছেলে প্রস্তুতি নিচ্ছিলেন। বেলা পৌনে একটার দিকে সাথী তাঁর ছেলেকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা আটকে দেন। এর কিছুক্ষণ পরই ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের আরও তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন ঘরে আটকে পড়া মা ও ছেলেকে উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ততক্ষণে আগুনে পুড়ে মা ও ছেলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্র জানায়, আগুনে ওই টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে চারটি পুড়ে যায়। এতে নগদ টাকাসহ মূল্যবান জিনিস পুড়ে যায়। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির আরেক ভাড়াটে জহিরুল ইসলাম বলেন, গত বুধবার গ্রামীণ ব্যাংক থেকে তোলা ঋণের ২০ হাজার টাকা ছিল তাঁর ঘরে। আগুনে ওই টাকাসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। প্রতিবেশী লিয়াকত আলী বলেন, সম্প্রতি সাইফুল ও সাথীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে সাইফুল পলাতক।