গাজীপুরে আধুনিক প্রযুক্তিতে নির্মিত সড়ক উদ্বোধন
গাজীপুরের কালীগঞ্জে মালয়েশিয়ান প্রযুক্তিনির্ভর ‘নেক্সট বেজ রোড সিস্টেম’ এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি প্রচলিত প্রযুক্তিতে নির্মিত রাস্তার চেয়ে টেকসই ও অপেক্ষাকৃত কম খরচের। পারীক্ষামূলক এই প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এ প্রযুক্তিতে গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল বুধবার প্রতিমন্ত্রী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া থেকে ডুবুরিয়া পর্যন্ত নির্মিত দুই কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন। এ ধরনের রাস্তা নির্মাণে ইট, বালু ও বিটুমিনের প্রয়োজন হয় না। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজিজুল হক, প্রকল্প পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী ডুবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি ভূঁইয়া প্রমুখ।