গাজীপুরে আনসার মহিলা ব্যাটালিয়নের শোভাযাত্রা

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে গতকাল মঙ্গলবার ১ নম্বর মহিলা আনসার ব্যাটালিয়নের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আনসার একাডেমির প্রধান ফটক থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরো একাডেমি প্রদক্ষিণ করে। পরে প্যারেড গ্রাউন্ডে কেক কাটা হয় এবং বেলুন ও পায়রা ওড়ানো হয়। আলোচনা সভায় মহিলা আনসার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান, ১ মহিলা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সালমা পারভীন প্রমুখ।
সালমা পারভীন বলেন, মহিলা আনসার ব্যাটালিয়ন এই উপমহাদেশের কোনো বাহিনীতে প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ মহিলা ব্যাটালিয়ন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ, উদ্যমী ও সাহসী নারীদের নিয়ে ২০০৫ সালের ৪ এপ্রিল প্রথম মহিলা আনসার ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। সৈনিক থেকে অধিনায়ক পর্যন্ত সবাই ছিলেন নারী। যেকোনো কাজের শুরুটা কখনোই সহজ থাকে না; তেমনি মহিলা আনসার ব্যাটালিয়ন গঠনের পর অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে।