ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার আবার গাজীপুর সদর উপজেলার ইটাহাটা ও শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর করেছে পোশাক শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই এলাকায় অন্তত আটটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন-চারটি ছাড়া বেশির ভাগ কারখানা খোলা ছিল। শ্রমিক অসন্তোষ ঠেকাতে গতকাল সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা কাঠেরপুল এলাকায় একটি পোশাক কারখানায় গেলে তাঁদের প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ ঘটনায় শ্রমিকনেতা ইকবাল হোসেন ও এম এ শাহীনকে মারধর করেছেন জাতীয় শ্রমিক লীগের এক নেতার সমর্থকেরা।
গাজীপুরে কারখানার শ্রমিক ও পুলিশ জানান, শ্রমিক অসন্তোষের জের ধরে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার পেনডোরা সোয়েটার লিমিটেড ও আউটপাড়া এলাকার জয়েন্ট গ্লোবাল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুটি কারখানার শ্রমিকেরা কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া ও লাঠিপেটা করে। শ্রমিকেরা সরে গেলে সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আশপাশের প্রায় ২০টি কারখানা শনিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। শ্রীপুরে সকালে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ওয়েলটেক্স গার্মেন্টস লিমিটেড, তামান্না সোয়েটার, ইউনিয়ন নিটওয়্যার লিমিটেড, মনিকা ফ্যাশন ও তামিসনা সোয়েটার কারখানার শ্রমিকেরা এতে অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের ভোগড়া, চান্দনা চৌরাস্তা, মৌচাক, কোনাবাড়ি, কাশিমপুর, চন্দ্রা ও জিরানী এলাকায় জলকামানসহ পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের টহল বহাল রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গত বৃহস্পতিবার মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সকালে ফতুল্লার কুতুবআইল, কাঠেরপুল ও লামাপাড়া এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। সাড়ে ১০টার দিকে কাঠেরপুল এলাকার পলমল গার্মেন্টসের উত্তেজিত শ্রমিকেরা তাঁদের প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন। তাঁরা জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার নেতা কাউসার আহম্মেদ পলাশের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ ঘটনার জের ধরে কাউসারের সমর্থকেরা ফতুল্লার রেললাইন এলাকায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে মারধর করেন।