গাজীপুরে আবারও পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় গতকাল রোববার সকালে পোশাক তৈরির একটি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এর আগে ৫ জুন সদর উপজেলার ভোগড়া মধ্যপাড়া এলাকায় লাবিব গ্রুপের স্টারলাইট সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় পানি পান করে প্রায় ৪০০ শ্রমিক অসুস্থ হন।কারখানার শ্রমিক, কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ জানায়, বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকার ইস্টওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর ভবনে অবস্থিত আলভিন ফ্যাশন নামের সোয়েটার তৈরির কারখানার শ্রমিকেরা গতকাল সকাল আটটার মধ্যে কাজে যোগ দেন। ১০টার দিকে শ্রমিকেরা হালকা নাশতা করে ভবনের ট্যাপের পানি পান করেন। আধা ঘণ্টা পর থেকে অনেক শ্রমিক বমি করা শুরু করেন। অনেকে মাথা ঘুরে পড়ে যান। কিছু সময়ের মধ্যে কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ ও অন্য শ্রমিকেরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল, তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল, সুলতান মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। এ ঘটনার পর গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অনেক শ্রমিক বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাঁদেরও হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে শুধু গাজীপুর সদর হাসপাতালেই চিকিৎসা নেন ৪৮ জন। দুপুর ১২টার দিকে শ্রমিক আশরাফ হোসেন প্রথম আলোকে জানান, সকাল ১০টার দিকে পানি পান করার আধা ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। একই কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন কারখানার সুইং অপারেটর মো. জিন্নাহ মিয়া, সোনিয়া আক্তারসহ আরও অনেক শ্রমিক। তাঁরা জানান, পানি পান করার আধা ঘণ্টা পর মাথা ঘোরানোসহ বমি শুরু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলভিন ফ্যাশনের সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, কারখানার রিজার্ভ ট্যাংকের পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু কী কারণে শ্রমিকেরা অসুস্থ হলেন, বোঝা যাচ্ছে না।শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে কথা হয় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রণব ভূষণ দাসের সঙ্গে। তিনি বলেন, শ্রমিকদের মাথা ঘোরানো, বমি ভাব ও পেট ব্যথার মতো লক্ষণ রয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত। তবে চার-পাঁচজনের অবস্থা গুরুতর মনে হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সিভিল সার্জন মো. হাবিব উল্লাহ বলেন, আলভিন ফ্যাশনে প্রতিনিধি পাঠিয়ে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই জানা যাবে শ্রমিকদের অসুস্থতার কারণ।এর আগে স্টারলাইট কারখানার পানি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। প্রতিবেদন পেতে সপ্তাহ খানেক সময় লাগবে।