গাজীপুরে আরও এক কারখানার শ্রমিকেরা অসুস্থ, ছুটিঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের আরও একটি পোশাক কারখানায় পানি পান করে গতকাল বৃহস্পতিবার  ২৪-২৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পর ওই কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত বুধবার স্টারলাইট সোয়েটার কারখানার ট্যাঙ্কের পানি খেয়ে অসুস্থ বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দেওয়ায় গতকাল থেকে কারখানাটির উৎপাদন শুরু হয়েছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় অর্ধশত শ্রমিক কাজে যোগ দেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, গতকাল সদর উপজেলার বোর্ড বাজার এলাকার প্যান্ডো ফ্যাশন কারখানার শ্রমিকেরা সরবরাহ লাইন থেকে পানি পান করেন। এরপর সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে ২৪-২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পার্শ্ববর্তী একটি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। এ ব্যাপারে প্যান্ডো ফ্যাশনের কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোন ধরেননি।

 স্টারলাইট সোয়েটার কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মো. জাবেদ আলী জানান, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেওয়ায় কারখানার উৎপাদনকাজ শুরু হয়েছে। এখনো যাঁরা অসুস্থ আছেন, কারখানা কর্তৃপক্ষ তাঁদের চিকিৎসার ব্যয় বহন করছে। গতকাল সকালে বিজিএমইএ এবং বিকেএমইএর দুটি প্রতিনিধিদল কারখানা পরিদর্শন করেছে।