গাজীপুরে আরও একটি কারখানাকে এক কোটি ১০ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগর এলাকায় একটি ডায়িং কারখানাকে পরিবেশের বিপর্যয় ঘটানোর অভিযোগে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে এক কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে কারখানার ঋণসুবিধা প্রত্যাহার ও বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কারখানাটির গ্যাস-সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্পনগর এলাকার লাইফ টেক্সটাইল লিমিটেড নামের একটি ডায়িং কারখানা প্রায় সাত বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপন না করেই ব্যাপকভাবে দূষণ ঘটিয়ে বিসিক এলাকা, স্থানীয় জনপদ, সড়ক ও মহাসড়কসহ তুরাগ নদীতে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করেছে। গত মঙ্গলবার কারখানাটিতে অভিযান চালিয়ে দূষণের ঘটনা উদ্ঘাটন করার পর পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল কারখানা কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করে এক কোটি ১০ লাখ টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী জানান, ওই কারখানাকে এর আগে পরিবেশদূষণের অপরাধে ২০০৭ সালের ৫ মার্চ কারখানা বন্ধের নোটিশ দেওয়া হলেও মালিকপক্ষ তা অমান্য করে বেপরোয়াভাবে পরিবেশ আইন লঙ্ঘন ও দূষণ অব্যাহত রাখে। এনফোর্সমেন্ট টিমের অভিযানে এ কারখানা থেকে গত ছয় বছরে সাড়ে তিন লাখ ঘনমিটার কেমিক্যালমিশ্রিত ও দূষিত তরল বর্জ্য নির্গমনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কারখানার গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।এ নিয়ে গত দুই দিনে গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকার এনফোর্সমেন্ট অভিযানে চারটি পরিবেশদূষণকারী অবৈধ শিল্পকারখানাকে মোট দুই কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার ‘গাজীপুরে কারখানার তরল বর্জ্যে নষ্ট হচ্ছে মহাসড়ক’ শিরোনামের খবর প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তর ওই অভিযান চালায়।