গাজীপুরে আরসি কোলার এমডি কারাগারে
পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসি কোলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুবেল আজিজকে একটি মারামারির মামলায় গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রুবেল আজিজ পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমের ছেলে।মামলায় বাদীপক্ষের আইনজীবী ইস্তেকবাল হোসেন জানান, উল্লিখিত মামলায় উচ্চ আদালত রুবেল আজিজকে জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি গাজীপুর আদালতে হাজির হননি। ইতিমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল রুবেল আজিজ গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। হাকিম শহিদুল আলম জামিন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।