গাজীপুরে আরসি কোলার কারখানার উৎপাদন বন্ধ
পরিবেশ দূষণের দায়ে কোমল পানীয় আরসি কোলার গাজীপুরের কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানা এলাকার অধিবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম কারখানা পরিদর্শন করে গতকাল বুধবার কারখানা বন্ধের এই নির্দেশ দেন।
গতকাল বিকেলে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত আরসি কোলা কারখানাটি পরিদর্শন করেন। এ সময় পরিবেশ দূষণের দায়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় আরসি কোলা, আরসি টেন আপ, আরসি লেমনসহ সব পানীয় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, আরসি কোলা কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই কারখানার তরল বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রেখে উৎপাদন করে আসছে। এই বর্জ্য ফেলার ফলে কারখানার আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ফসলি জমি, রাস্তা, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক পরিবেশ দূষণ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী গত মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দেন।
কারখানা বন্ধের পর জেলা প্রশাসক ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। জেলা প্রশাসককে প্রধান করে তৈরি ওই কমিটিতে আরও আছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কারখানার ব্যবস্থাপক। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক সোনিয়া সুলতানা বলেন, ওই কারখানার তরল বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই।
এ বিষয়ে আরসি কোলার মহাব্যবস্থাপক দিদারুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন। বাস্তবে বিষাক্ত বর্জ্য আমাদের কারখানার নয়, অন্য কারখানার। তবে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা দুই দিনের মধ্যে সরিয়ে ফেলা হবে।’