গাজীপুরে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের তিন দিনব্যাপী ৮৭তম জলসার অনুমতি বাতিল এবং জলসাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গতকাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। গতকাল বিকেলে বাহাদুরপুরের রোভার পল্লি স্কাউট প্রশিক্ষণকেন্দ্র চত্বরে এই জলসা শুরু হওয়ার কথা ছিল।গতকাল সকালে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলসহ গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তাঁরা আহমদিয়া মুসলিম জামাতের জলসার অনুমতি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তফা, মাওলানা শারফুদ্দিন, মুফতি আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আ. সাত্তার। জেলা প্রশাসক সব দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আহমদিয়া মুসলিম জামাতের অনুষ্ঠানের অনুমতি বাতিল ও অনুষ্ঠান এলাকার দুই বর্গকিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়।জলসা আয়োজক কমিটির সদস্য মীর মোবাশ্বের আলী জানান, ‘কিছু ব্যক্তির হুমকিতে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সরকারি আদেশ মেনে নিয়েছি।’ তিনি জানান, তিন দিনের জলসায় আট হাজার লোকের সমাগম হওয়ার কথা ছিল।গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকালে জেলা প্রশাসকের কাছে জলসা বন্ধের আবেদন জানালে প্রশাসন জলসার অনুমতিপত্র বাতিল করে প্রথমে অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দেয়। পরে জলসাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।